গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও নয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুটি স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। সে সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে এসেছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধদের দ্রুত আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৯ জনকেই মৃত ঘোষণা করেন।
এর আগের দিন সোমবার, যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজা থেকে ২০ ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল আড়াইশ গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ মোট ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। মুক্তদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর পর থেকে চলা ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার অন্তত ৬৮ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মানুষ চাপা পড়ে আছেন।