মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে আজ রাজধানীতে প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হবে।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে। নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরিয়ে নিতে হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল কোম্পানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ জন মারা যান। তারা পোশাক কারখানার কর্মী ছিলেন।
জানা গেছে, পোশাক করাখানার ভবনের ছাদে ওঠার দরজা তালা দেওয়া থাকায় ভেতরের কেউ বের হতে পারেননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে পড়ে আগুনে পুড়ে প্রাণ হারান তারা।