চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। নির্বাচনে এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তো কোনো অভিযোগ দেখছি না, কেবল হাসিই দেখছি।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে উৎসবমুখর পরিবেশেই শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, নির্বাচনের কার্যক্রম শুরু থেকে এখন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে, তাদের মাঝে যেন ঈদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট টুগেদারে সবাই যেমন হাসিমুখে থাকে, তেমনি প্রত্যেক ছেলেমেয়ের মুখে হাসি।