শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দোকানদারি শেষে শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কবির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে শিশুপুত্র আদিব হাসান (১২) অক্ষত আছেন।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জৈনা গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কবির হোসেন এলাকার বোরহান উদ্দীনের বড় ছেলে। তিনি পেশায় সংস্কৃতি ও তবলা বাদক হিসাবে বেশ পরিচিত ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, জৈনা বাজারে তার একটি পোল্ট্রি ও ডেইরি মেডিসিনের দোকান আছে। বিকালে ছেলে আবিদ বাবার কাছে দোকানে যায়। পরে রাতে দোকান বন্ধ করে বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি চিল্লাবাড়ি মোড়ে যেতেই বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা ছেলে অক্ষত আছেন।

সহপাঠী বন্ধু এমদাদ হোসেন বলেন, এ খবর আসার পর থেকে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। কোনো শক্তি পাচ্ছি না। বন্ধু কবিরের ছোট ছোট দুটি বাচ্ছা সন্তান আছে। জানিনা সন্তান দুটির আগামী কেমন দুর্বিষহ কাটে। আল্লাহ কবিরকে জান্নাত দান করুক। সে খুব ভালো মানুষ ছিলো। 

স্থানীয়রা জানান দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আসেন। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।