কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ৯ সদস্য

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরো ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দী ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। 

জেল সুপার আল মামুন বলেন, ওই মামলায় আরো ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারা মুক্তি দেওয়া হবে।