রূপগঞ্জে বিএনপি নেতার অবৈধ পাম্পে বিস্ফোরণ, দগ্ধ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের দোয়া নামে অবৈধ পেট্রোল পাম্পে ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনসুর নামে ওই শ্রমিক।

এর আগে গত ৭ অক্টোবর উপজেলার বিরাব এলাকায় অবৈধ একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার বিরাব ১নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদন ছাড়াই পেট্রোল পাম্পটি পরিচালনা করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলজার মোল্লা। গ্রামীণ পরিবেশের ভেতরে স্থাপিত এই পাম্পটির কোনো বৈধ কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করেই তিনি অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।

পাম্প মালিক গোলজার মোল্লা জানান, গত ৭ অক্টোবর ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বিরাব ২নং ওয়ার্ডের মুজাহার আলীর ছেলে মানসুর (৩৫) গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে তিনি মারা যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয়দের দাবি, অবৈধ পেট্রোল পাম্পের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।