মাধবপুরে পুলিশের ওপর হামলায় আহত ৪, গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে আদালতের নির্দেশে শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এ উপজেলার চৌমুনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর তাদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়।

সন্তান উদ্ধারের জন্য দিপ্তী আদালতে ১০০ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।

এসময় এসআই মিজানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের হাসপাতালে পাঠান। এসআই মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে তাদের ওপর বেআইনিভাবে হামলা করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আহত পুলিশ সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। দুই শিশুকে উদ্ধার করা হয়। পুলিশের উপর হামলার ঘটনায় গাজীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শ্যামল মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতি কর্ণ পাড়ার চান্দের মহল্লার মোহাম্মদ আব্দুল নূরের ছেলে বর্তমানে গাজীপুরে বসবাসকারী মজিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।