দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অবৈধভাবে সংযোগকারী চার ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

গৌরীপুর কার্যালয়ের ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত জানান, গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ভুলিরপাড় ও গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ভিজিলেন্স ডিপার্টমেন্টের ডিজিএম প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশার তত্বাবধানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট ও সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট চারটি অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং চারজন আবাসিক গ্রাহকের সংযোগ অবৈধ কার্যকলাপের জন্য বিচ্ছিন্ন করা হয়। দুটি রাইজার কর্তন করা হয়। সর্বমোট ৪৩টা দ্বৈত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা কালে চারজনের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, গ্যাসের অপচয়রোধে অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে।