রিজিকে প্রশস্ততা ও দীর্ঘ হায়াত লাভের উপায়

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জোর তাগিদ দিয়েছে ইসলাম। আত্মীয়দের খোঁজখবর নিলে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে এবং অসহায় আত্মীয়দের সহযোগিতা করলে সেটার জন্য বিশেষ ফজিলত ও পুণ্যলাভের ঘোষণাও দিয়েছে ইসলাম। হাদিসের ভাষ্য অনুযায়ী, আত্মীয়স্বজনদের খোঁজখবর রাখলে এবং তাদের সহযোগিতা করলে জীবিকায় প্রশস্ততা আসে এবং দীর্ঘ হায়াত লাভ করা যায়।

পবিত্র কোরআনের সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো।’ হাদিসে স্পষ্ট নির্দেশনা এসেছে, যাতে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিখ্যাত সাহাবি হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় এবং দীর্ঘ জীবন কামনা করে, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।’ (সহিহ বুখারি)

আজকাল আত্মীয়দের খোঁজখবর রাখার বিষয়টি সেভাবে দেখা যায় না। তবে এখনো এমন মানুষ অনেক আছেন, যারা নিয়মিত আত্মীয়দের খোঁজখবর রাখেন, তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। তবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি তা হলো, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান ক্রমশই লোপ পাচ্ছে আমাদের থেকে। হারিয়ে যাচ্ছে সম্পর্কের অটুট বন্ধন। আমরা ব্যবহার করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। যার ফলে প্রযুক্তির সাহায্যে দূরের কারও সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হচ্ছে। কথা হচ্ছে। নিয়মিত আলাপ-আলোচনাও চলছে। কিন্তু আমার পাশে বসে থাকা কারও সঙ্গে কথা হচ্ছে না। অথচ একই সঙ্গে হয়তো বসে আছি। কিন্তু সবাই যার যার কাজে মুঠোফোনে আসক্ত। এভাবে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হচ্ছে। সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। অনেক সময় সরাসরি দেখা-সাক্ষাৎও হচ্ছে না। এমনকি মুঠোফোন ব্যবহার করে কয়েক মিনিটের জন্যও কেউ কারও কোনো খবর নিচ্ছে না। নিয়মিত কোনো কথা হচ্ছে না। হচ্ছে না কোনো ধরনের যোগাযোগ। তবে কীভাবে আমাদের মধ্যকার সম্পর্ক, আত্মীয়তা অটুট থাকবে?

আমরা কী তবে আত্মীয়তার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ভুলে যাচ্ছি? তবে তো আমাদের মধ্যে আর যন্ত্রমানবের মধ্যে তেমন একটা তফাৎ রইল না। আল্লাহতায়ালা বলেছেন, ‘ক্ষমতা লাভ করার পর সম্ভবত তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।’ (সুরা মুহাম্মদ ২২)

আসুন, দেখা-সাক্ষাৎ, কথাবার্তা বলা ও যোগাযোগের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি। তাহলে আমরা প্রত্যেকেই জীবিকার সচ্ছলতা এবং দীর্ঘ জীবন লাভ করতে পারব।

লেখক : খতিব, ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদ, গাজীপুর