মোয়াজ্জেম হোসেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ১৮তম নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগদান করেন। তিনি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হন।

বেপজায় যোগদানের আগে মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দুটি আর্টিলারি ব্রিগেড এবং দুটি আর্টিলারি রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার, একটি ডিভিশনের কর্নেল স্টাফ এবং সেনা সদর দপ্তরের পরিচালক (বাজেট) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে স্নাতক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) সম্পন্ন করেন। এ ছাড়া তিনি চীনের নানজিং আর্টিলারি একাডেমি এবং পাকিস্তানের স্কুল অব আর্টিলারিতে প্রশিক্ষণসহ বিদেশে বিভিন্ন সামরিক মহড়ায় অংশ নেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বিজ্ঞপ্তি