দুই এসপিকে দুদকে বদলির প্রজ্ঞাপন বাতিল

দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেষণে বদলি করা দুই পুলিশ সুপারের (এসপি) বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন বাতিলের আদেশ জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে কী কারণে বদলির আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হলো সেটি জানা যায়নি। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করে প্রজ্ঞাপন দেয় সরকার। তাদের দুর্নীতি দমন কমিশনের  পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।