এইচএসসিতে দিনাজপুর বোর্ডে পাসের হার তলানিতে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাশের হার কমেছে। গত বছরের তুলনায় এবছর পাশের হার ২০ দশমিক ০৭ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পরিসংখ্যানে উল্লেখ করা হয়, চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ বোর্ডের পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ। চলতি বছরে এক লাখ ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৫ হাজার ৮৯১। পাশ করেছে মাত্র ৬০ হাজার ৮৮২। গত বছর ১ লাখ ১৩ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাশ করেছিল ৮৬ হাজার ৯৫৪ জন। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৭৪। যা গত বছর ছিল ৬ হাজার ১৮৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২৭ হাজার ৮৪১ শিক্ষার্থী। চলতি বহিষ্কার হয়েছের ২৭ শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৬৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীন হয়েছে ১৯ হাজার ৫২৬ জন। এর মধ্যে ৯ হাজার ৮৬৪ জন ছাত্র ও ৯ হাজার ৬৬২ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।

মানবিক বিভাগে ৭২ হাজার ৮৩৩ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১৩৩ জন। এর মধ্যে ১৪ হাজার ৮৫০ জন ছাত্র ও ২৩ হাজার ৩৯১ জন ছাত্রী। এই বিভাগে পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।

ব্যবসা বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪০৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৮৮১ ও  ছাত্রী রয়েছেন ১ হাজার ২৩৪। এই বিভাগে পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।