কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন আর অকৃতকার্য হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন। এছাড়া এই বোর্ডের অধীনে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ফলাফল বিষয়ে তিনি বলেন, এবার সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। কিছু পরীক্ষাকেন্দ্রের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। এসব কারণে পাসের হার কিছুটা কমেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। এ বোর্ডে পরীক্ষার্থীদের মধ্যে ৪২ হাজার ৫২ জন ছেলে শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন, যার পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। এদিকে ৫৭ হাজার ৫২৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ হাজার ৭০১ জন পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ মেয়েদের সাফল্যের হার ছেলেদের চেয়ে উল্লেখ যোগ্যভাবে বেশি।
বিভাগভিত্তিক ফলাফলে অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৪ দশমিক ৮ ও মানবিক বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে থেকে এবার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লা জেলা ৩,ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার একটি করে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান গুলো হলো, কুমিল্লা ক্যাডেট কলেজ, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া এ বোর্ড থেকে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেননি। শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় ৩টি করে, কুমিল্লার ২টি ও চাঁদপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ছয়টি জেলা রয়েছে। শতভাগ ফেল করা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদ্রাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।
লক্ষ্মীপুর জেলার তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যন্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ।
কুমিল্লাটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- ব্রাহ্মণপাড়া উপজেলার সাহিত্যশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ ও লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ।
চাঁদপুর জেলা একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হলো মতলব উত্তরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ।