মানিকগঞ্জে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শকসহ ১০ সদস্যকে আটকে রাখে গ্রামবাসী।
পরে ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ধানকোড়ার তারাবাড়ি গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের আটক করে সাটুরিয়া থানায় খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ধানকোড়ার নোয়াপাড়ার মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (২০)-কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করি।
তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুইজনের বাড়ি তল্লাশি করি। সেখানে কিছু না পেয়ে ফিরে আসি। কিন্তু গ্রামবাসী ভুল বুঝে আমাদের আটকে রাখে।”
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ সময় মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (২০)-কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাঁদের ফোর্সকে নিয়ে গেছেন।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বলেন, “আমরা বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”