গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের দুইদিন পর আনিছুর রহমান (৩০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের একটি ধানক্ষেত খেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনিছুর রহমান উপজেলার তালুক ফলগাছা গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আনিছুর। সন্ধ্যায় বের হওয়ার পর গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার সন্ধান করে পরিবার। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করতে গিয়ে আনিছুরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ধানক্ষেত থেকে আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।