যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তার পরিবর্তে অনশনে বসবেন তারা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। কিন্তু কোনো পজিটিভ ফিডব্যাক আসেনি। আমরা নানা কারণে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছি। আমরা আপাতত শহীদ মিনারেই অবস্থান করব।
তিনি বলেন, আমরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে আমাদের সরলতার সুযোগে একটি চক্র বিশৃঙ্খলা করতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। তাই আমাদের দাবি না মানা হলে আমরা আমরণ অনশনে যাবো। দাবি আদায়ের আগে ফেরার কোনো সুযোগ নেই।
এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব রেহানা পারভীনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, অর্থ উপদেষ্টা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী অর্থবছর থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১০ শতাংশ বাড়ানোর জন্য আহ্বান জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষকদের প্রস্তাবনা গ্রহণ করে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
কিন্তু তাদের এই মতের পক্ষে একমত হতে পারেননি শিক্ষকরা। তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা সরকারকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন। না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন।