এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ১৯৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সোবহানা মোস্তারি ৯ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন। নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা প্রথম খেলোয়াড় হলেন সোবহানা মোস্তারি।
চলমান নারী বিশ্বকাপে আগের চার ম্যাচেই অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে অলআউট করে। তবে বাংলাদেশ খেলেছে পূর্ণ ৫০ ওভারই।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ওঠে ৩২ রান। ফারজানা হজ (৮) ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। শারমিন আক্তার সুপ্তা ১৯ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ১২ রান করেন।
দলীয় ১০৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত উইকেট পড়তে থাকে। স্বর্ণা (৭), রিতু মনি (২), ফাহিমা খাতুন (৪), রাবেয়া খান (৬) দের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখেন সোবহানা মোস্তারি।
সোবহানা ৬৭ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি। অপরাজিত ৬৬ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এটি।