পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম

শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্যগ্রহণ

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তিন মামলায় আরও ৯ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলম সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী ৩০ অক্টোবর নতুন সাক্ষীর জন্য দিন ধার্য করেছে আদালত। গতকাল যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৌরকর শাখা অঞ্চল-১ এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈয়বা রহিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদ।

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদক এ মামলাগুলো করে। চলতি বছরের ৩১ জুলাই এই তিন মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। গত ১৩ আগস্ট তিন মামলার তিন বাদী, ২৮ আগস্ট তিন জন করে ৯ জন, ৪ সেপ্টেম্বর পাঁচ জন করে ১৫ জন, ২১ সেপ্টেম্বর ৯ জন এবং ৬ অক্টোবর আরও ৯ জন সাক্ষ্য দেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই ৬টি মামলায় অভিযোগ গঠন করে ঢাকার ২ বিশেষ জজ আদালত। তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট।