৫ আগস্ট পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরেছে দেশের ছাত্র ও মূল ধারার রাজনীতি অঙ্গন। এরই ধারাবাহিকতায় কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দেশের বড় বড় অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন। যেগুলোতে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে ছাত্রদলসহ অন্যারা।
ডাকসু, জাকসু ও চাকসুর পর সর্বশেষ রাকসু নির্বাচনেও আধিপত্য ধরে রেখেছে ছাত্রশিবির। সেখানে ২৩টি পদের ২০টিইতেই জয়ী হয় ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে, রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস জয়ের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
তিনি বলেন, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার আগামীর পথযাত্রায় আমরা জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধ থাকব।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
ডাকসু ভিপি বলেন, ‘শহীদ নোমানীসহ বহু সংগ্রামী মানুষের শাহাদাত, মজলুমের রক্তে রঞ্জিত মতিহার, আর বহু দশকের লড়াই-সংগ্রামের সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন এবং এজিএস এস এম সালমান সাব্বিরসহ কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।