গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার 

গোপালগঞ্জে আমিন মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আল রাফি শেখ নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর সদর উপজেলার চরপাথালিয়ায় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আমিন মোল্লা (২০) ওই গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে,পেশায় গাড়িচালক।

আটক আল রাফি শেখ (১৯) বাগেরহাটের ফকিরহাটের বারইপাড়া গ্রামের আসরাম শেখের ছেলে।

এলাকাবাসীর বরাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় একটি গ্যারেজে আমিন মোল্লা গাড়ির কাজ করানোর সময় মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে আল রাফির সঙ্গে কথা কাটাকাটি হয়। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাফির নেতৃত্বে পাঁচ যুবক তার পথরোধ করে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল রাফি শেখকে আটকসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।