‘জামায়াত ক্ষমতায় গেলে মানিকগঞ্জ গড়ে উঠবে স্যাটেলাইটের শহর’

মতিঝিল থেকে উত্তরা যেতে যে দুরত্ব, মতিঝিল থেকে মানিকগঞ্জের দুরত্বও ততটুক। তাই জামায়াত ক্ষমতায় গেলে মানিকগঞ্জকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিবিরের সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলার জামায়াত নেতা মুহাম্মদ জাহিদুর রহমান।

তিনি বলেন, ঢাকা শহর অতিরিক্ত মানুষের কারণের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমি মনে করি সিংগাইর-হেমায়েতপুর সড়কটি চার লেন করা গেলে, এক ঘণ্টার মধ্যে মানিকগঞ্জে যাতায়াত করা যাবে। তাহলে এখান থেকে ঢাকায় অফিস করতে পারবেন এখানকার স্থানীয়রা। তাই আমরা যদি নির্বাচিত হই মানিকগঞ্জ, সিংগাইর, হরিরামপুর এলাকাকে স্যাটালাইট শহর হিসেবে গড়ে তোলে ঢাকার মত গুরুত্বপুর্ণ শহর হিসেবে বিনির্মাণ করবো।  

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজারে নির্বাচনী গণসংযোগের পর উঠান বৈঠকে মুহাম্মদ জাহিদুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ ক্ষমতায়ন করা হবে। রাসুল (সা.) ব্যবসায়ী খাদিজা (রা.) কে বিয়ে করেছেন। পরে তাকে দিয়ে ব্যবসা করিয়েছেন। তাহলে আমাদের মা বোনরা কেন ব্যবসা পরিচালনা করতে পারবে না। আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ ক্ষমতায়ন করব। ইসলামী যুগের প্রথম নার্স ছিল নারী। তাই নারীদের উপযুক্ত সম্মান দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তাদের পাশে রাখব।

তার সঙ্গে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আমির হাফেজ লোকমান হোসাইন, নায়েবে আমির মো. সিকান্দার আবু জাফর, ডা. আ. আলীম, ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলার সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম জসিম, মানিকগঞ্জ-২ আসনের নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন, বলড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফসহ জেলা ও উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।