জুলাই শহীদ ডা. সজীবের বাবাকে তারেক রহমানের উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম তার বাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শহীদ ডা. সজীবের বাবাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন।

এ সময় ডা. রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

এ সময় শহীদ ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিকসহ অনেকে।