ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আশা প্রকাশ করেছেন, জুলাই সনদে এখন স্বাক্ষর না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভবিষ্যতে এতে স্বাক্ষর করবে।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ মতামত দেন।
নুরুল হক নুর বলেন, সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনগত ভিত্তি নিশ্চিত করবে। পাশাপাশি, জাতির সামনে দেওয়া রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সেই আস্থায় তারা আজ জুলাই সনদে স্বাক্ষর করেছেন।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের আন্দোলন-সংগ্রামের বন্ধু। তবে আজ তারা এখানে উপস্থিত নেই। তারা সম্ভবত পরে স্বাক্ষর করবে। কারণ, শেষ পর্যায়ে এসে ঐকমত্য কমিশন তাদের মতামত গ্রহণ করেছে।