সিপিডির ক্লাইমেট উইক ২০২৫

জলবায়ু নিয়ে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আগামী ১৮ থেকে ২১ অক্টোবর ঢাকায় ক্লাইমেট উইক ২০২৫ আয়োজন করবে। এতে নীতিনির্ধারক, গবেষক, তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বেসরকারি খাতের উদ্যোক্তরা অংশ নেবেন। ক্লাইমেট উইকের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ও জাতীয় জলবায়ুর নানা দিক কীভাবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপে রূপান্তরিত করা যায় তার উপায় নিয়ে আলোচনা হবে। এই অনুষ্ঠানটি ডেনমার্ক দূতাবাস এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে।

“আকাঙ্ক্ষাকে কাজে রূপান্তর”—এই মূল প্রতিপাদ্য নিয়ে চার দিনের এই আয়োজনের মধ্যে থাকবে সম্মেলন, সংলাপ, প্রতিযোগিতা এবং প্রদর্শনী, যা জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন, উদ্ভাবন এবং সহনশীলতা বিষয়ে নতুন ধারণা তৈরি করতে সহায়তা করবে।

ক্লাইমেট উইক ২০২৫ শুরু হবে একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে, যার শিরোনাম “সংকটের বাইরে বিশ্ব: কার্যকর জলবায়ু সমাধান”। প্রথম দিনে থাকবে উদ্বোধনী অধিবেশন, যেখানে জাতীয় স্বার্থকে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য করার বিষয়টি আলোচিত হবে। এরপর ছয়টি বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে, যেমনঃ ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, কার্বন বাজার, জলবায়ু-স্মার্ট কৃষি, টেকসই অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি।

দ্বিতীয় দিনে তরুণ গবেষক ও পেশাজীবীদের গবেষণা ও উদ্ভাবন তুলে ধরা হবে। অংশগ্রহণকারীরা অভিযোজন, প্রশমন, সহনশীলতা, সবুজ প্রযুক্তি, জলবায়ু বিষয়ক কাজে কৃত্তিক বুদ্ধিমত্তার ব্যবহার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। সেরা প্রবন্ধগুলোকে পুরস্কৃত করা হবে এবং প্রকাশনার জন্য বিবেচনা করা হবে।

তৃতীয় দিনে থাকবে তরুণদের নিয়ে নীতি বিষয়ক কর্মশালা ও সংলাপ। তরুণ অংশগ্রহণকারীরা আলোচনা করবেন—জলবায়ু বাজেটিং, আর্থিক কাঠামো এবং বিভিন্ন জলবায়ু অঞ্চলের জন্য অভিযোজন পরিকল্পনা। এসব সেশন তরুণ নেতৃত্বকে শক্তিশালী করবে, যাতে তারা অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং প্রমাণভিত্তিক জলবায়ু নীতি গঠনে ভূমিকা রাখতে পারে।

শেষ দিনে থাকবে ক্লাইমেট অলিম্পিয়াড, নীতি বিষয়ক কেস প্রতিযোগিতা এবং গ্রিন প্রজেক্ট প্রদর্শনী। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা জলবায়ু সমাধান ও নীতি ধারণা উপস্থাপন করবে। পাশাপাশি সবুজ উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো টেকসই উন্নয়ন, সার্কুলার ইকোনমি মডেল এবং কমিউনিটি-ভিত্তিক অভিযোজন প্রচারকারী প্রকল্প প্রদর্শন করবে।

উচ্চপর্যায়ের আলোচনা, তরুণ নেতৃত্বাধীন উদ্যোগ এবং উদ্ভাবনী প্রদর্শনী একত্রিত করে সিপিডি ক্লাইমেট উইক ২০২৫ নীতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমকে একসাথে যুক্ত করতে চায়। এই আয়োজন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে শক্তিশালী করবে এবং একটি টেকসই ও ন্যায্য জলবায়ু ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।