দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই: নুরুদ্দিন অপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরশাসক চলে যেতে বাধ্য হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, গুম পরিবারের ত্যাগ এবং জুলাই যোদ্ধাদের কারণে বাংলাদেশের মানুষ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে।

তৃণমূল বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, মানুষের মনে কষ্ট দেবেন না। দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। শরীয়তপুরবাসী প্রমাণ করে দেবে তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এএস কামাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এবং থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বক্তব্য দেন সাবেক সচিব মাহবুব আহমেদ গাজী, ব্রি. জেনারেল (অব.) জাহিদুর রহমান প্রমুখ।