বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করায় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ এখনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলীয় প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই জাতি মনে করে শহীদ জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করতে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, সেটা শুরু হয়ে গেছে।
তিনি বলেন, গতকালের জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য রক্ষা হবে। সব মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে এগিয়ে গেলেই একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলো সম্পর্কে সালাহউদ্দিন বলেন, আরও সময় রয়েছে। আশা করি, এ সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়, সেটা উন্মুক্ত রয়েছে। ভিন্ন মত থাকতেই পারে।
তিনি ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ করে বলেন, জুলাই যোদ্ধাদের যৌক্তিক একটি দাবি ছিল। সেই দাবি নিয়ে আমি নিজেও কথা বলেছিলাম। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি পরবর্তীতে তাদের দাবি সনদে সংশোধনও করেছেন। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, জুলাই যোদ্ধা নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেখানে। সেটা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি সেখানে থাকতে পারে না।