জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি আইনি ভিত্তি ছাড়া কেবল লোক দেখানো বলে মন্তব্য করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করায় সেটা মূল্যহীন। এ কারণেই গত শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি তার দল।
তিনি আরও জানান, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।
নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।
তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানায় এনসিপি।