আর্জেন্টাইনকে ছেড়ে দেওয়াটা ভুল ছিল- স্বীকার করলেন গার্দিওলা

শেষ পর্যন্ত স্বীকার করলেন পেপ গার্দিওলা—আর্জেন্টিনা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে ছেড়ে দেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত। ম্যানচেস্টার সিটির বর্তমান বাস্তবতা আর আতলেতিকো মাদ্রিদে আলভারেজের দুর্দান্ত পারফরম্যান্সই যেন কোচকে সেই সিদ্ধান্তের মূল্য বুঝিয়ে দিয়েছে। এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা অকপটে বলেন, এখন তিনি “আলভারেজকে আবার দলে পেতে চান।”

গার্দিওলা বলেন, “যে বছর আমরা ট্রেবল জিতেছিলাম, মনে আছে আমি কাদের বেঞ্চে বসিয়েছিলাম? আইমেরিক লাপোর্তে—একজন দুর্দান্ত সেন্টার ব্যাক, জাতীয় দলের নিয়মিত সদস্য—আর জুলিয়ানও ছিল। ওরা দুজনই এখন থাকলে দারুণ হতো, কিন্তু তারা নিয়মিত খেলার সুযোগ চেয়েছিল, তাই চলে গেছে।”

২০২৪ সালের ট্রান্সফার উইন্ডোতে আলভারেজের আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ছিল সেই মৌসুমের অন্যতম আলোচিত ঘটনা। নরওয়ের তারকা আরলিং হালান্ডের উপস্থিতিতে প্রথম একাদশে জায়গা পেতে হিমশিম খাচ্ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গার্দিওলা বলেন, “জুলিয়ানকে হালান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল, যা খুবই কঠিন ছিল। এখন সে বিশ্বের অন্যতম সেরা ক্লাব আতলেতিকো মাদ্রিদে খেলছে, যেখানে দুর্দান্ত কোচ আর সহখেলোয়াড় আছে। সে দারুণ পারফর্ম করছে। আমি অবশ্যই এখন তাকে পেতে চাইতাম, কিন্তু তার সিদ্ধান্ত আমি বুঝি।”

আলভারেজের ট্রান্সফার ফি ছিল প্রায় ৭৫ মিলিয়ন ইউরো, যা সেই সময়ের অন্যতম বড় চুক্তি। চলতি মৌসুমে তিনি আতলেতিকোর হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ৯ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। স্পেনে যোগ দেওয়ার প্রথম বছরেই তিনি ৫৭ ম্যাচে ২৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করেছিলেন।

ম্যানচেস্টার সিটির হয়ে আলভারেজ খেলেছেন ১০৩ ম্যাচে ৩৬ গোল ও ১৯ অ্যাসিস্ট দিয়েছেন। গার্দিওলা আক্ষেপ করলেও তিনি স্পষ্ট করেছেন, খেলোয়াড়দের নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্তকেও তিনি সম্মান করেন।

বর্তমানে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে ৫ম স্থানে, ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। শনিবার এভারটনের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে সিটি, এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে।

অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ আজ ওসাসুনার বিপক্ষে মেত্রোপলিতানোয় খেলবে। লা লিগার টেবিলে তারা ষষ্ঠ স্থানে, ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে। এরপর মঙ্গলবার লন্ডনে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের দল।