ময়মনসিংহের ধোবাউড়ায় এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম বাবুল মিয়া (৫৫)। তিনি কেষিয়াপাড়া গ্রামের শামছুদ্দিনের পুত্র।
শনিবার (১৮ অক্টোবর) উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পু্লিশের ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ রাজিয়া খাতুনকে আটক করেছে পু্লিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে কেষিয়াপাড়া এলাকায় তার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী রাজিয়া স্বামীর মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। শুধু তাই নয় তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা।
ঘটনার দিন শনিবার ভোরে আত্মীয়দের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে এবং রাজিয়াকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসত ঘর থেকে রক্তমাখা লাশ উদ্ধার করে এবং রাজিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ধোবাউড়া থানা (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরও জানাতে পারব। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।