গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ধরেও মাফ পাওয়া যাবে না।
রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ১/১১ নেমে আসবে। বাংলাদেশে আরেকটি ১/১১ ছাড়া আর কোনভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে।
রাশেদ খান বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কি হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়।
তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না।