দিনাজপুরে সারজিস আলম

এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন আমাদের বিধি দেখিয়ে শাপলা প্রতীক দেয়নি। আমরা কমিশনের কাছে জানতে চাই তারা কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক একটি রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না বলল। যারা আইন তৈরি করেন এমন অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এনসিপিকে শাপলা প্রতীক দিয়ে আইনগত কোনও বাধা নেই।

আজ রবিবার দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

সারজিস আলম বলেন, বাধা না থাকায় আমরা শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু আজকে তিনি কোন মুখে বলেন এই প্রতীকের জন্য আমরা আজকে আবেদন করি নাই। যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করি সেদিনই আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। কিন্তু কয়েক মাসে তিনি আমাদের বলেন নাই শাপলা প্রতীক নেই। কেন তারা এই সময়ে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই। আবশ্যই তাদের খামখেয়ালীপনার কারণে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই।

তিনি অভিযোগ করে বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশ গ্রহণ করব। তারা যদি আমাদের সঙ্গে অন্যায় করে তাহলে আমরা এই অন্যায় রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করত। কর্মসূচি দিয়ে হাহাকার করত। আমরা দেখেছি, অনেক অফিসের সামনে ১০ জন লোক দাঁড়ানোর মতো ছিল না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের ওপর জনগণ আস্থা রেখেছে। যদি জনগণের আস্থার প্রতিদান কোনও ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দল না দেয়, জনগণ আগামীতে যখন সুযোগ হবে সুফল দেখাবে।

এর আগে তিনি জেলা এনপিসির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা এনপির প্রধান সমন্বয়কারী ফয়সনাল করিম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ।