নাটোরের বাগাতিপাড়ায়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি ও টানার তার রেখেই চলছে সংস্কার

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর এলাকায় চলছে সড়ক সংস্কারের কাজ। কিন্তু বিদ্যুতের খুঁটি ও খুঁটি সোজা রাখার জন্য টানা দেওয়া তার (স্টে-ওয়ার) রাস্তার মাঝখানেই রেখেই চলছে কাজ। এতে ঝুঁকি তৈরি হচ্ছে পথচারী ও যানবাহনের জন্য। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা বা সমন্বয় ছাড়াই এ কাজ করছে সংশ্লিষ্ট কর্তপক্ষ।

জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওত্তায় দক্ষিণ মুরাদপুর এলাকায় বায়েজিদের দোকান হতে শাহিন আলমের জমি পর্যন্ত ৫৭০ মিটার রাস্তার পাকা করণ কাজ করছেন নাটোরের আরাবি কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী আনিসুর রহমান। আর এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা।

স্থানীয়রা বলেন, উন্নয়ন কাজের আগে বিদ্যুৎ অফিস ও পৌরসভার মধ্যে সমন্বয় না থাকায় জনসাধারণকে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও খুঁটি টানার তার অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দক্ষিণ মুরাদপুরের ব্যবসায়ী বায়েজিদ হোসেনের দোকানের সামনে গিয়ে দেখা গেছে, প্রধান সড়ক সংলগ্ন রাস্তাটিতে একটি বিদ্যুতের খুঁটি রাস্তার বাইরে থাকলেও খুঁটিটির টানার তার রাস্তার মাঝখানে বেখে দিয়েই সেই জায়গায় চলছে ইট, বালির কাজ। অপরদিকে শাহিনের বাড়ির সামনে রাস্তার ওপর বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তার সংস্কার কাজ। এতে করে জনসাধারণ ও পথচারীরা পড়ছেন বিপাকে। এমনকি রাস্তা সংস্কারের জন্য ইট, বালি নিতেও সমস্যা পড়তে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী বায়েজিদ হোসেন বলেন, রাস্তার কাজ হচ্ছে ভালো কথা, কিন্তু টানার তার মাঝখানে রেখেই কাজ করায় দুর্ঘটনার ভয় আছে। রাতে না দেখলে গাড়ি বা মানুষ বিপদে পড়তে পারে। টানা দেওয়ার জন্য পাশে রাস্তার অনেক জমিও রয়েছে। তা না করে তারা রাস্তার মাঝখানে খুঁটির টানার তার রেখেই রাস্তার সংস্কার কাজ করেছেন। প্রায় ৪-৫ দিন হচ্ছে এভাবেই রয়েছে খুঁটি টানার তার।

এ বিষয়ে রাস্তার স্থানীয় ঠিকাদার সুজন আলী জানান, রাস্তা করার সময় রাস্তার পাশের বাড়ির মালিক বায়েজিদ জোরপূর্বক রাস্তা সরিয়ে দেওয়ার ফলে বৈদ্যুতিক খুঁটির টানার তার রাস্তার মধ্যে পড়েছে। ফলে টানার তারা রাস্তার মধ্যে রেখেই রাস্তা সংস্থার কাজ করতে বাধ্য হয়েছেন।

পৌরসভার প্রকৌশলী জানান, দক্ষিণ মুরাদপুর এলাকায় প্রায় ৫৭০ মিটার রাস্তার সংস্কার কাজ চলছে। আর একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি খুঁটির টানার তার রাস্তার মধ্যে রয়েছে। খুঁটি ও রাস্তার মধ্যের টানার তার ওগুলো অপসারণ করার জন্য জানানো হয়েছে।

বাগাতিপাড়া বিদ্যুৎ অফিসের এজিএম মোমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। পৌরসভার রাস্তা করার আগে বা পরেও বিষয়টি তাদের অবহিত করেননি। আর বৈদ্যুতিক খুঁটি বা টানার তার অপসারণের জন্য কিছু নিয়ম রয়েছে। তার যদি আমাদের কাছে নিয়ম মেনে আবেদন করেন তো অপসারণ করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন বলেন, রাস্তার খুঁটি ও টানার তার সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। কিছুদিনের মধ্যে তা অপসারণ করার ব্যবস্থা করা হবে।