রাজধানী ঢাকায় গত কয়েক দিনের মতো আজও সকাল থেকেই তাপদাহের প্রবলতা দেখা দিয়েছে। আকাশে হালকা মেঘ থাকলেও রোদের তেজে গরম বেড়েছে, আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিও বেড়েছে। দিনভর আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
অন্যদিকে, সারাদেশের জন্য আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।