ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) গভীররাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

কলেজছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। 

গ্রেপ্তাররা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪)। তারা সকলেই টঙ্গীর এরশাদনগর  এলাকার বাসিন্দা। অপর একজনের নাম জানা যায়নি। 

পুলিশ জানায়, রবিবার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

টঙ্গী পশ্চিম থানার এএসআই জহিরুল ইসলাম জানান, কলেজছাত্র খুনের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।