মসলিনের লাল পাঞ্জাবি, সঙ্গে ধুতি। মুম্বাইয়ে প্রাক-দীপাবলির জমকালো পার্টিতে একবারে বাঙালি বাবুর লুকে ধরা দিলেন ছোটে নবাব খ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খান। বাঙালি সাজ তার বিশেষভাবে পছন্দ। আর এদিন এই পোশাকে সাইফকে সাজালেন কলকাতার ডিজাইনার অভিষেক রায়। বিগত বেশ কয়েকবছর ধরেই সাইফের পোশাক পরিকল্পনা করছেন অভিষেক। দু’জনের মধ্যেই এখন সম্পর্ক খুব কাছের মানুষের মতোই।
তবে শুধু সাইফ নন তার পাশাপাশি জমকালো এই প্রাক-দীপাবলির পার্টিতে একইসঙ্গে তৈমুর ও জেহর জন্যও পোশাক ডিজাইন করেছেন অভিষেক। দীপাবলি স্পেশাল বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবিই পরেছিলেন এদিন সাইফ ও তার দুই ছেলে। পারিবারিক এই পার্টিতে ঠিক কীভাবে সেজে ওঠার পরিকল্পনা ছিল সইফের এবং অভিষেক কীভাবে পুরোটা প্ল্যান করেছেন নায়কের ইচ্ছার কথা মাথায় রেখে? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে। পুরো পরিকল্পনা ভাগ করে নিলেন তিনি।
অভিষেক বলেন, এ বছর সাইফ নিজেই লাল রঙের পোশাক পরতে চেয়েছিলেন। তার সবসময়ই বাঙালি সাজপোশাক এক্সপ্লোর করতে চান। শুধু তাই নয় পাঞ্জাবিতে ‘সাইড নেক’ ডিজাইন তার বিশেষ পছন্দের। তার পছন্দের কথা মাথায় রেখে সেভাবেই পোশাক তৈরি করা হয়েছে। এবং বাঙালিয়ানার ছোঁয়া দিতে পাঞ্জাবিতে মাছের মোটিফও রাখা হয়েছে। তবে তৈমুর ও জেহেরের জন্য সাইড নেক ডিজাইনের বদলে বাবু পাঞ্জাবিই রাখা হয়েছিল। তবে রঙ একই, লাল। তিনজনের পাঞ্জাবিই মসলিন দিয়ে বানানো হয়েছে। যেন, ‘রেড ইজ দ্য নিউ ব্ল্যাক’।