ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো.ইয়াসিন মিয়া নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পুলিশ শহরের মসজিদপাড়ার একটি টিনসেডের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. ইয়াসিন মিয়া (১৭) ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে।
নিহতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সঙ্গে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকায় কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোথা দিবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। রবিবার রাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো আমার ছেলের মরদেহ ঝুলে আছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যার ঘটনা। তাই ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।