মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে  উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু হুমায়রা আক্তার কাগাতুয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হুমায়রা আক্তার খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।