ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের নাম ইমরান (২৫)। তিনি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তফা ফয়সাল রাহাত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত এক মাসে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭০ জন রোগী। এর মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী এবং আটজন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
হাসপাতাল সূত্র আরও জানায়, ডেঙ্গু ওয়ার্ডে ২৪টি বেড থাকলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৭০ জন রোগী। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে করিডর বা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। যদিও ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নেই, তবু জনবল সংকট রয়েছে বলে অভিযোগ রোগীদের।
মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে আমরা কাজ করছি।