নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু ও সাধারণ সম্পাদক রুপা শনিবার (১৮ অক্টোবর) রাতে ব্যক্তিগত বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহিলা দলের দুই পক্ষের নেতাকর্মীরা মারামারিতে লিপ্ত হন। এতে অন্তত ছয়জন আহত হন এবং আহতদের সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় পক্ষ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে সংশ্লিষ্ট দুই নেত্রীর দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিলা দলের দুই নেত্রীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পর কেন্দ্রীয় সিধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।