খুলনায় নিমকোর কর্মশালা

টাইফয়েড টিকা নিয়ে মিথ্যা তথ্য মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা রাখতে হবে

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেছেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিগত কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইনও সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রচার হওয়া মিথ্যা তথ্যের মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান।

নিমকোর মহাপরিচালক বলেন, এই টিকাদান ক্যাম্পেইন সফল, জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সঙ্গে বিশ্বাস করে থাকে। কারণ এ সকল মিডিয়াগুলো সবসময় জাতির বিবেক হিসেবে কাজ করে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডা. মো. মুজিবুর রহমান ও ইউনিসেফের খুলনা চিফ মো. কাউসার হোসেন। 

স্বাগত বক্তৃতা করেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার। এ সময় সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।