শাহিন আফ্রিদি আবার নেতৃত্বে, তিন ফরম্যাটে পাকিস্তানের ৩ অধিনায়ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে— ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি মোহাম্মদ রিজওয়ানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন

‎শাহিন আগেও পাকিস্তানকে টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। এবার তিনি নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে।

‎রিজওয়ান বাবর আজমের পর সাদা বলের অধিনায়ক হয়েছিলেন এবং ২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে দলের পারফরম্যান্স ছিল সন্তোষজনক। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এর পরই বোর্ড ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনে।

‎শাহিনকে নিয়োগে পাকিস্তানের এখন তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক। টেস্টে শান মাসুদ, টি–টোয়েন্টিতে সালমান আলি আগা নেতৃত্ব দিচ্ছেন।

‎গত সপ্তাহেই রিজওয়ানকে সরানো প্রায় নিশ্চিত হয়ে যায়, কারণ পিসিবি তখন তার অধিনায়কত্ব নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়। বোর্ড জানিয়েছিল, কোচ হেসন চেয়ারম্যান মোহসিন নাকভিকে অনুরোধ করেছেন নতুন অধিনায়ক নিয়োগে নির্বাচক ও পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করার জন্য।