গাজীপুর মহানগরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের পিতা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাগরিবের নামাজের পর ভিকটিম জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি রকেটের মধ্যমে জমা দেওয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা চার-পাঁচজন ছিনতাইকারী ভিকটিম জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ করে। এ সময় রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ঘটনাস্থলে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এ সময় আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তপাতে ফুটপাতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে জিহাদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।