জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জোবায়েদ হোসেনের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের একজন মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। নিহত জোবায়েদের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়।

গত এক বছর ধরে ওই বাড়িতেই বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন জোবায়েদ। ঘটনার পর বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। রবিবার রাত ১১টার দিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসা থেকে থানায় আনা হয়।

রবিবার বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার বাদি এনায়েত হোসেন সৈকত বলেন, আমাদের পরিবারের সব সদস্যদের সাঙ্গে পরামর্শ করেই আমি মামলা করেছি। গতকাল আমাদের মানসিক অবস্থা ভালো না থাকায় মামলা করতে একদিন দেরি হয়। মামলায় যারা প্রকৃত আসামি, আমরা তাদের নাম উল্লেখ করেই মামলা করেছি। আমরা চাই কোনো নির্দোষ ব্যক্তি যেন ফেসে না যায়, যারা প্রকৃত অপরাধী তারাই শাস্তি পাক।
 
এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার সব আসামিদের ইতোমধ্যে আটক করা হয়েছে। যেহেতু মামলা হয়েছে, এখন তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে।