রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কদমতলী জনতাবাগ পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, সিদ্দিকুরের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার কালিকাকন্দি গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার।
নিহতের ছোট ভাই ওয়াহিদ জানান, ১০ তলা ভবনের পঞ্চম তলায় কাজ চলাকালীন সিদ্দিকুর নিচে পড়ে যান। পরে সহকর্মীরা আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে কীভাবে তিনি পড়ে যান তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।