শিক্ষকদের এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার: শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি নভেম্বর থেকে প্রথম ধাপে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগও এ বিষয়ে তাদের সম্মতি দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের এই মুহূর্তটি শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ৭.৫% বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫% যুক্ত হয়ে মোট ১৫% বাড়িভাড়া কার্যকর হবে।

সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকবৃন্দ আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পথটি সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে। নেপথ্যে থেকে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করেছেন, যেন শিক্ষকদের দাবি শোনা ও বোঝা হয়।

মন্ত্রণালয় মনে করে, এটি কারও একার জয় নয়। এটি যৌথ সাফল্য: শিক্ষকদের আন্দোলন বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে এবং সবাই মিলে এমন এক অবস্থানে এসেছে, যেখানে সম্মান, সংলাপ ও সমঝোতাই জিতেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার, শিক্ষার্থীদের কাছে, আমাদের আসল কাজের জায়গায় ফিরে যাওয়ার। আজকের এই সমঝোতা হোক নতুন সূচনা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে। পরস্পরের প্রতি শ্রদ্ধা আর গুণগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে আমরা একটি মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারব।