৩০০ বলের ইনিংসে ১৯৩টি ডট খেলেছে বাংলাদেশ!

অনেকদিন পর ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাটিং করল বাংলাদেশ। সৌম্য সরকারের গড়ে দেওয়া ভিতের ওপর শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে স্কোর হয়েছে ৭ উইকেটে ২১৩ রান। তবে স্বীকৃত ব্যাটাররা যে পরিমাণ ডট বল খেলেছেন, সেটা রীতিমতো বিস্ময়কর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০০ বলের মধ্যে মোট ১৯৩টি বল ডট দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। শতকরা হিসেব করলে বাংলাদেশি ব্যাটাররা ৬৪.৩৩ শতাংশ বল ডট দিয়েছেন। ক্যারিবিয়ানদের হয়ে ৬০ বল করে সর্বোচ্চ ৫০ বল ডট দিয়েছেন স্পিনার অলিক অ্যাথানেজ। মেডেন নিয়েছেন ৩টি।

এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গুডাকেশ মোতি। তবে মাত্র ১৪ রানে ২ উইকেট নেওয়া অ্যাথানেজই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। বাংলাদেশের হয়ে ৮৯ বলে ৪৫ রান করেছেন সৌম্য সরকার। এছাড়া শেষদিকে রিশাদ খেলেন ১৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস।