জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছাত্রী বর্ষাসহ তিন আসামির জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আদালতে এ আবেদন জমা দেন।
বংশাল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই তানভীর মোর্শেদ চৌধুরী জানান, মামলায় তিন আসামি ও একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান।
এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিহত জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত রাজধানীর বংশাল থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি জোবায়েদ টিউশনি করাতেন। গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে তিনি বংশাল এলাকার নুর বক্স লেনের রৌশান ভিলায় পড়াতে যান।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই ছাত্রী জোবায়েদের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে জানায়—জোবায়েদ স্যার খুন হয়েছেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে।