রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন হাসপাতালে 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে নেওয়া রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশপুর এলাকায়, মঙ্গলবার দুপুরে।

অসুস্থদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে গেলে এ রসমালাই খেয়ে দুই পরিবারে ৫ জন অসুস্থ বোধ করে। পরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।  

অসুস্থরা হলেন- উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেশপুর গ্রামের নাঈম এর স্ত্রী জোতি (৩৩), ইয়ানা (৫)। 

এ বিষয়ে নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই নিয়ে গেলে এ মিষ্টি খাওয়ার পর তার স্বজনরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ ব্যাপারে রংধনু বেকারি এন্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০/৪০ কেজি রসমালাই বিক্রি করেন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন- অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।