মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকলেও যদি মেট্রোরেলে যাত্রা শুরু না করে বেরিয়ে যান, তাহলে তাদের থেকে ১০০ টাকা ভাড়া কাটা হবে।
এর আগে কার্ড স্ক্যান করে স্টেশনের ভিতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া নেয়া হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকবে না।
২০ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতেও নোটিশ টাঙানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এই নোটিশ দেখা গেছে।
নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, “এখন থেকে স্টেশনের ভিতরে প্রবেশ করে বিনা ভাড়ায় বের হওয়া যাবে না। এই নিয়ম গতকাল থেকে কার্যকর হয়েছে।”
ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি এই নতুন নিয়ম সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না। তবে মেট্রোরেলের নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।
ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে প্রবেশের পর বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”