এনডিইউবির শিক্ষক দিবস উদযাপন

আনন্দ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) উদযাপন করেছে ‘শিক্ষক দিবস ২০২৫’। গতকাল মঙ্গলবার  দুপুরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সহযোগী পেশা হিসেবে শিক্ষকতার পুনর্গঠন’।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয়। এ সময় গানের সুরে সুরে শ্রদ্ধা ও ভালোবাসার আবহ তৈরি হয়। পরে কালচারাল ক্লাবের সদস্যরা এক মনোমুগ্ধকর স্বাগত নৃত্য পরিবেশন করেন।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রতীকস্বরূপ তাদের ফুল, শুভেচ্ছা কার্ড প্রদান ও ব্যাজ পরিয়ে দেন উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, কোষাধ্যক্ষ ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি এবং রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি।

আনুষ্ঠানিক বক্তব্যে ফাদার চার্লস বলেন, একজন শিক্ষক শৃঙ্খলা, মূল্যবোধ ও জ্ঞানের আলোকবর্তিকা। শিক্ষকের আচরণই হয়ে ওঠে শিক্ষার্থীদের অনুসরণের আদর্শ। শিক্ষা শুধু পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের পথনির্দেশ করা এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার এক অবিরাম দায়িত্ব। একজন সুশৃঙ্খল শিক্ষকই সমাজে শৃঙ্খলাপরায়ণ মানুষ গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ‘মঙ্গল দীপ জে¦লে’ গান পরিবেশন করেন। পরে ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাবের সদস্যরা একটি নাটিকা পরিবেশন করেন, যেখানে শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীর গভীর সম্পর্কের দিকটি সুন্দরভাবে ফুটে ওঠে। অনুষ্ঠানটি ব্রাদার সুবলের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়। বিজপ্তি